সোমবার, ৩০ আগস্ট, ২০১০

রুদ্র কৃশানুর কাব্য কুটির: স্মৃতি সমাধি

কবিতা, আজকের সন্ধ্যার চিল বলে গেল
তোমার মন ভাল নেই। আমি তখন বঙ্গোপসাগরে
সূর্যাস্তের অপেক্ষায় ছিলাম। এইতো সেদিন ভোরে
সূর্যোদয়ের আগেই আমি তোমার স্মৃতিগুলো
সাহারার বুকে বালুচাপা দিয়ে এলাম।
ভেবেছিলাম সূর্য্যদেব তোমার স্মৃতিগুলোকে
মহাশূন্যে বিলীন করে দেবে। কিন্তু বিধি বাম,
উত্তর নিরক্ষীয় স্রোত স্মৃতিগুলোকে ভাসিয়ে বুকে
আজকের গোধূলিতে আবার আমার সম্মুখে করল হাজির;
আমার রিক্ত শূন্য হৃদয় আজ রক্তাক্ত অধীর।
ভাবতে পারিনি শকুনের ডানা ঝাপটার ঝড়ে
মরুর বুক চিরে আবার স্মৃতিগুলো আসবে ফিরে।

কবিতা, মনে পড়ে শ্যামদেশে যখন দুটি অবুঝ মনের
পরিচয় ও সখ্য হল? শাদা বলাকা আমাদের
পবিত্র ভালবাসার বার্তা পৌছে দিত। কদাচিৎ আকাশে
বসন্ত বিকেলে দেখা হতো কংক্রিটের বুকে শ্যামল দেশে।
খেলাচ্ছলে একদিন জন্ম দিয়েছিলে তোমার অনুভবকে
তুমিই আবার মোহ শেষে বিষ প্রয়োগে হত্যা করেছ তাকে।

কবিতা, বিশ্বাস করো, অনুভবের প্রেতাত্মার সাথে 
এখনও আমার কথা হয়। অবুঝ মনোরথে
কায়াহীন সে এখনও বাঁচতে চায় শুকতারা সেজে
তোমার আমার স্মৃতি সমাধির মাঝে।
5 ডিসেম্বর 2008, কক্সবাজার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন